জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, অবসর ভেঙে ফিরলেন সাবেক অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:০১, ২১ মে ২০২৬
অবসর ভেঙে ফিরেছেন নয়্যার। ছবি: ফিফা
আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান। অবসর ভেঙে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। এর আগে ২০২৪ সালের ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। সিদ্ধান্ত বদলে এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই দেখা যাবে তাকে। এটি হবে নয়্যারের পঞ্চম বিশ্বকাপ আসর। খবর ফিফার।
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে জার্মানির দল সাজিয়েছেন নয়্যারের চেয়েও দুই বছরের ছোট নাগেলসমান। নয়্যার ফিরলেও জার্মানিকে এবার নেতৃত্ব দেবেন জশুয়া কিমিখ। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফ্লোরিয়ান ভির্টজ, কাই হ্যাভার্টজ ও নিকো স্ক্লটারবেক।
বায়ার্ন মিউনিখের তরুণ গোলরক্ষক জোনাস উরবিগকেও অতিরিক্ত ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে। অসুস্থতা বা চোটের কারণে প্রয়োজন হলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। অন্যদিকে পরিচিত কয়েকটি নাম জায়গা পাননি প্রাথমিক দলে। বাদ পড়েছেন কারিম আদেয়েমি, রবের্ত আনদ্রিচ ও নিকলাস ফুলক্রুগ।
জার্মানির প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক:
অলিভার বাউমান, ম্যানুয়েল নয়ার, আলেকজান্ডার ন্যুবেল
রক্ষণভাগ:
ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, যোশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, যোনাথান তাহ, মালিক থিয়াও
মিডফিল্ডার:
নাদিয়েম আমিরি, লেওন গোরেৎজকা, পাসকাল গ্রস, লেনার্ট কার্ল, জেমি লেওয়েলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ
আক্রমণভাগ:
ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, নিক ভল্টেমাডে
ফিফার নিয়ম অনুযায়ী, ২ জুন চূড়ান্ত ২৬ সদস্যের দল জমা দেয়ার আগে পর্যন্ত এই স্কোয়াডকে প্রাথমিক দল হিসেবেই ধরা হবে।
বিশ্বকাপ ২০২৬-এ জার্মানির গ্রুপ পর্বের সূচি
১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও; হিউস্টন স্টেডিয়াম
২০ জুন: জার্মানি বনাম কোট দিভোয়ার; টরন্টো স্টেডিয়াম
২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি; নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম



